জেলা প্রতিনিধি
২০ মে ২০২৬, ০৪:৪৪ পিএম
সুনামগঞ্জে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ৫ লেগুনা যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২০ মে) দুপুর ১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আহসানমারা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের লেগুনা চালক ইব্রাহিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নপুর গ্রামের জাহেদ মিয়া (১৮)।

আহতরা হলেন ছাতক উপজেলার সাদারাই গনিপুর গ্রামের আব্দুল জাহান (৪২) ও তার মেয়ে লুৎফা বেগম (৫), তৌরিজ মিয়া (৫৫) ও স্ত্রী কল্পনা বেগম (৪৫) এবং আব্দুল জাহার (৪২)।
প্রত্যক্ষদর্শী আব্দুল জাহার জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া লেগুনাযোগে সপরিবারে বাড়ি ফিরছিলেন তারা। লেগুনাটি আহসানমারা ব্রিজের কাছাকাছি এলে ঢাকা থেকে আসা খাদিজা ভিআইপি নামক দূরপাল্লার বাস লেগুনার সামনে সজোরে ধাক্কা দেয়। এসময় লেগুনার সামনে থাকা আব্দুল জাহার সড়কের পাশে লাফ দিয়ে প্রাণে রক্ষা পান। তবে লেগুনার সামনে থাকা অপর যাত্রী জাহেদ মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং লেগুনা চালক ইব্রাহিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হলে পথেই প্রাণ হারান।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান ও সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।