জেলা প্রতিনিধি
২০ মে ২০২৬, ০৪:০৭ পিএম
জয়পুরহাটে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৮ তলা থেকে নিচে পড়ে গিয়ে সাকিব হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (২০ মে) দুপুরে হাসপাতালের নতুন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিক সাকিব জেলার পাঁচবিবি উপজেলার আয়মা বুধইল গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

ওসি নূরে আলম জানান, সাকিব হোসেন জেলার বিভিন্ন ভবনের রঙের কাজ করতেন। জয়পুরহাটে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সংস্কারাধীন নতুন ভবনের অষ্টম তলায় বাইরের অংশে কাজ করছিলেন সাকিব। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি ওপর থেকে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রাশেদ মোবারক জুয়েলের জানান, অষ্টম তলা থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস