images

সারাদেশ

সিরাজগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টা, আতঙ্কে ব্যবসায়ীরা

জেলা প্রতিনিধি

২০ মে ২০২৬, ০২:৪৮ পিএম

সিরাজগঞ্জ শহরের পৌর নিউ জার্মান মার্কেটে আজিমুল ইসলাম আজিম (২৫) নামে এক ব্যবসায়ীকে দোকানের ভেতরে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে) সকালের এ ঘটনায় পুরো মার্কেটজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

এদিকে, ঈদ সামনে রেখে এমন ঘটনায় ব্যবসায়ীদের মাঝে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার না করা হলে আতঙ্ক আরও বাড়বে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

আহত আজিম শহরের পৌর নিউ মার্কেটের ভেতরে অবস্থিত ‘মেসার্স শীতল ফ্যাশন’ এর মালিক। তিনি পৌরসভার হোসেনপুর এলাকার রবিউল ইসলামের ছেলে।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোকানের সাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে দোকানের ভেতরে ঢুকে আজিমুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পৌর নিউ মার্কেট হাট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বিপ্লব জানান, সকাল সাড়ে ৮টার দিকে আজিম দোকানে আসেন। তখন মার্কেটের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় দোকানের ভেতরে ফেলে রেখে সাটার বন্ধ করে পালিয়ে যায়। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহরিয়ার হোসেন শিপু বলেন, দিনের বেলায় মার্কেটের ভেতরে এ ধরনের নৃশংস ঘটনা ব্যবসায়ী সমাজকে আতঙ্কিত করে তুলেছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/টিবি