images

সারাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি পাটওয়ারীর, প্রধানমন্ত্রীরও সমালোচনা

জেলা প্রতিনিধি

১৯ মে ২০২৬, ০৪:২০ পিএম

সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের গোলামি করছেন বলেও অভিযোগ তার।

মঙ্গলবার (১৯ মে) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খদেমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পাটওয়ারীর অভিযোগ, বিজিবি সীমান্তে ভারতীয় ‘প্রোপাগান্ডা’ ছড়াচ্ছে এবং সীমান্ত হত্যার ঘটনায় প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করছে।

p2 তিনি বলেন, ‘বর্তমান সরকার সীমান্ত সুরক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

এনসিপি নেতা বলেন, ‘সীমান্তের সাধারণ মানুষ চোরাচালানের সঙ্গে জড়িত নয়। তারা স্বাভাবিকভাবে কাজ করতে গেলেও বিএসএফ গুলি করে মারছে। অথচ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে।’

ভারতের নির্দেশে সীমান্তে বিজিবিকে প্রায় অকার্যকর করে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

পাটওয়ারী বলেন, ‘সীমান্তে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষ হত্যা করলে প্রয়োজনে গ্রামে গ্রামে লাশ নিয়ে মিছিল করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।’

p3

সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে জনগণকেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

এনসিপি নেতা বলেন, ‘আমরা পুশ-ইন বন্ধ চাই, বিজিবিকে শক্তিশালী দেখতে চাই এবং সীমান্তে বসবাসকারী মানুষের ওপর নির্যাতন বন্ধ চাই।’

তিনি দাবি করেন, ‘এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে নিহতদের ‘শহীদ’ হিসেবে তালিকাভুক্ত করা হবে এবং নিহত পরিবারের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হবে।’

এসময় পাটওয়ারী অভিযোগ করেন, ‘নিহত খদেমুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করতে স্থানীয় মন্ত্রী বা সংসদ সদস্য কেউ যাননি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে অস্থির করার চেষ্টা করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা গেলে সীমান্ত হত্যা বন্ধ হবে।’

পাটওয়ারী বলে, ‘সীমান্ত দিয়ে পরিকল্পিতভাবে মাদক ও ইয়াবা বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে, যা দেশের যুবসমাজকে ধ্বংস করছে।’

p4

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে দায়িত্ব আমাদের ছেড়ে দিন। আমরা সরকারে গেলে ইনশাআল্লাহ সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করব।’

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানেরও কড়া সমালোচনা করেন পাটওয়ারী। তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া সারাজীবন ভারতের গোলামির বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু বর্তমানে তারেক রহমান ভারতের গোলামি করছেন।’

পাটওয়ারী আরও বলেন, ‘সরকার সাধারণ মানুষের নয়, বরং সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজদের নিরাপত্তা দিচ্ছে। এভাবে সরকার সাপ পুষছে।’

পরে নিহত খদেমুল ইসলামের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন এনসিপি নেতা। এসময় দলের কেন্দ্রীয় সংগঠক রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

এএইচ