images

সারাদেশ

তপ্ত রোদে ভ্যাপসা গরমের পর যশোরে স্বস্তির বৃষ্টি

জেলা প্রতিনিধি

১৮ মে ২০২৬, ১১:০৫ পিএম

টানা কয়েক দিনের মৃদু তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে অবশেষে শান্তির পরশ বুলিয়ে দিল এক পশলা স্বস্তির বৃষ্টি। সোমবার (১৮ মে) বিকেলে যশোরের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যা কিছুক্ষণের মধ্যেই রূপ নেয় মাঝারি বর্ষণে। দীর্ঘ প্রতিক্ষিত এই বৃষ্টিতে শীতল হয়েছে প্রকৃতি, স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।

গত কয়েক দিন ধরে যশোরে তীব্র রোদ ও গুমোট গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। বিশেষ করে রিকশাচালক, খেটে খাওয়া মানুষ ও পথচারীরা চরম ভোগান্তিতে ছিলেন। সোমবারও জেলাটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বিকেলের এই বৃষ্টি গুমোট পরিবেশ কাটিয়ে চারদিকে শীতল আমেজ ছড়িয়ে দেয়। বৃষ্টির দেখা পেয়ে অনেককে ছাদ কিংবা বারান্দায় দাঁড়িয়ে তা উপভোগ করতে দেখা গেছে; শহরের অলিতে-গলিতে শিশু-কিশোরদের মেতে উঠতে দেখা যায় উল্লাসে।

আরও পড়ুন: যশোরে কোরবানির হাটে ‘বিসিএস ক্যাডার’, ক্রেতাদের উপচে পড়া ভিড়

শহরের দড়াটানা মোড়ে কথা হয় পথচারী রুবিনা আক্তারের সাথে। তিনি বলেন, “কয়েক দিন ধরে প্রচণ্ড গরম ছিল। সন্ধ্যার এই বৃষ্টি সত্যিই অনেকটা স্বস্তি দিয়েছে।” রিকশাচালক সোলাইমান হোসেন জানান, সারাদিন রোদে রিকশা চালিয়ে শরীর পুড়ে যাচ্ছিল, এই বৃষ্টিতে ভিজে তার খুব ভালো লাগছে।

যশোর বিমান বাহিনীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত জেলায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টির ফলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমে আসবে, যা জনজীবনে স্বস্তি বজায় রাখতে সাহায্য করবে।

প্রতিনিধি