জেলা প্রতিনিধি
১৮ মে ২০২৬, ০৭:৫৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
সোমবার (১৮ মে) দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতম পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হকসহ দায়িত্বশীল কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পাইপলাইনে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ থাকার সুযোগে একটি অসাধু চক্র জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ঘাটুরার গৌতম পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। তবে অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/একেবি