জেলা প্রতিনিধি
১৮ মে ২০২৬, ০৬:০৯ পিএম
নড়াইলের কালিয়া উপজেলায় একটি বাগানে গাছ থেকে মোহাম্মদ আব্দুল রশীদ (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল রশীদ খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সোমবার (১৮ মে) সকালের দিকে উপজেলার বাঁকা গ্রামে সালামাবাদ ইউনিয়ন পরিষদের পাশের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে কয়েকজন পথচারী বাঁকা গ্রামে সালামাবাদ ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে যাওয়ার সময় বাগানের ভেতরে গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় এক ব্যক্তিকে ঝুলতে দেখেন। মরদেহটি গাছের সঙ্গে দড়িতে ঝুললেও তার পা মাটিতে ঠেকানো ছিল। পরে স্থানীয়রা কালিয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ওই ব্যক্তি কীভাবে খুলনা থেকে কালিয়া উপজেলার এই প্রত্যন্ত এলাকায় এলেন এবং কী কারণে এই ঘটনা ঘটল, তা নিয়ে এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।’
প্রতিনিধি/একেবি