images

সারাদেশ

ঝিনাইদহে বেতন ভাতার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

জেলা প্রতিনিধি

১৮ মে ২০২৬, ০৬:০০ পিএম

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার, সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবিতে নির্বাহী অফিসার রেজওয়ান নাহিদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে দশটায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ও বাংলাদেশ কালীগঞ্জ উপজেলা শাখায় এ স্মারকলিপি প্রদান করে।

সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে পাঠানো স্মারকলিপিতে বলা হয়, ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ গঠন ও নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আবেদনে উল্লেখ করা হয়, প্রকল্পটির মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৫ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে। বর্তমানে প্রায় ৪১ হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী দায়িত্ব পালন করছেন।

তাদের দাবি, শিক্ষকরা শুধু পাঠদানই নয়, বরং সমাজে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এছাড়া তারা সামাজিক সম্প্রীতি ও নৈতিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন।

আবেদনে আরো বলা হয়, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করলেও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা এখনও স্বল্প বেতন ও অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছেন। তাই দ্রুত প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তর, সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, সরকারের ইতিবাচক সিদ্ধান্তের মাধ্যমে হাজারো পরিবারের জীবনে স্থিতিশীলতা ফিরে আসবে।

স্মারকলিপি প্রদান শেষে উপজেলা গেটের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান, এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক হাবিবুর রহমান পলাশ, মাও. নাজমুল হাসান, সাকাউয়াত হোসেনসহ অন্যান্যরা।  

প্রতিনিধি/ এজে