Dhaka Mail Logo

সারাদেশ

রোহিঙ্গা যুবককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি

১৮ মে ২০২৬, ০৭:১৪ এএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রবাসী ভাইয়ের পাঠানো টাকা তুলে ফেরার পথে জাহিদ হোসেন (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি।

রোববার (১৭ মে) রাত ১০টার দিকে ক্যাম্প-১০ ও ক্যাম্প-১৮ এর মধ্যবর্তী সড়কে এ ঘটনা ঘটে।

আহত জাহিদ হোসেন ক্যাম্প-১৮ এর কে/০৯ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম আবুল কাইয়ুম।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের পাঠানো টাকা তুলতে জাহিদ হোসেন বালুখালী বাজারে গিয়েছিলেন। সেখান থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়ে নিজ ক্যাম্পে ফেরার পথে ক্যাম্প-১০ এর এইচ/৩৭ ব্লক ও ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১৮ এর কে/০৯ ব্লকের মধ্যবর্তী সড়কে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী তার পথরোধ করে।

আরও পড়ুন

মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

একপর্যায়ে হামলাকারীরা জাহিদের কাছে থাকা নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এতে বাধা দিলে সন্ত্রাসীরা ধারালো চাকু দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং তার কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

জাহিদের চিৎকার শুনে আশপাশের রোহিঙ্গারা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ক্যাম্প-১০ এর এইচ/৩৭ ব্লকের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় রোহিঙ্গাদের অভিযোগ, সন্ধ্যার পর ক্যাম্পের বিভিন্ন সড়কে ছিনতাই, অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চলছে। এলাকায় অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে।

প্রতিনিধি/এসএস