images

সারাদেশ

চিকিৎসকের ওপর হামলায় মামলা, অর্ধশতাধিক আসামির ৬ জন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ মে ২০২৬, ০৫:১৬ এএম

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক নাসির ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামি অর্ধশতাধিক। শনিবার (১৬ মে) সন্ধ্যায় পালং মডেল থানায় মামলাটি করেন সদর হাসপাতালের চিকিৎসক আকরাম এলাহী। এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- সলেমান কাজী ওরফে আল-আমিন (৩০), জসিম কাজী (৪০), আব্দুল জলিল কাজী (৩২), রবিউল কাজী (৩২), জায়েদা বেগম (৬০) ও আয়েশা মনি (১৯)। 

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে যান পৌরসভার উত্তর বিলাসখান এলাকার পঞ্চাশোর্ধ লাল মিয়া কাজী। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক ডা. নাসির ইসলাম উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানোর পরামর্শ দেন। তবে ওই রোগী ঢাকায় নেওয়ার আগেই মারা যায়। 

এ ঘটনায় চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলে হামলা চালায় নিহতের স্বজন ও বহিরাগতরা। পরে পুলিশ এলে হামলাকারীরা পালিয়ে যায়। শনিবার দুপুরে আহত চিকিৎসককে আশঙ্কাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে হামলার ঘটনায় সদর হাসপাতালের চিকিৎসক আকরাম এলাহী ১১ জনের নাম উল্লেখসহ আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনাটি তদন্তে সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন চার সদস্যের কমিটি গঠন করেছেন।

সিভিল সার্জন বলেন, চিকিৎসক নাছির ইসলামের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্য বিভাগ থেকে মামলা করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলে আসল কারণ জানা যাবে।
 
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ক.ম/