images

সারাদেশ

কাউনিয়ায় হজে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ, শিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৬ মে ২০২৬, ০৭:২৬ পিএম

রংপুরের কাউনিয়ায় হজ্বে লোক পাঠানো ও চাকুরী দেয়ার নামে প্রতারনার একাধিক মামলায় মোহাম্মদ আলী বাবু নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন।  এরআগে শুক্রবার গভীর রাতে রংপুর নগরীর তার ভাড়া বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ আলী বাবু কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গধাদর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি মীরবাগ কলেজের একজন প্রভাষক।

পুলিশ সূত্রে জানা যায়, মীরবাগ কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবু প্রতারণা করে বিভিন্ন এরাকায় হজ্বে পাঠানো ও চাকুরী দেয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। হজ্বে যেতে না পেরে এবং চাকুরী না পাওয়া ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী ব্যক্তিরা মামলায় দায়ের করেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও  প্রতারনার ঘটনায় নীলফামারী থানায় দুইটি ও রংপুরে আদালতে তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার থাকেন না এবং কলেজেও আসেন না তিনি। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করায় পুলিশ তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে গ্রেফতার করে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, আটক কলেজ শিক্ষকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গেফতারী পরোয়ানা জারী করে আদালত। পরোয়ানামুলে তাকে গ্রেফতার করে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এজে