images

সারাদেশ

প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত না হলে ভালো ফল সম্ভব নয়: পর্যটন মন্ত্রী

জেলা প্রতিনিধি

১৬ মে ২০২৬, ০৭:০৫ পিএম

প্রাথমিক শিক্ষার ভিত্তি (বেজ) যদি ভালো না হয়, তবে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় যত উপরেই যাক না কেন, তাদের ফলাফল ভালো হবে না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

শনিবার (১৬ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেথুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়ে দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখাসহ সামগ্রিক মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

এর আগে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের একটি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘সড়ক নির্মাণকাজের গুণগত মান বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। এ কারণে যোগ্য ও দক্ষ ঠিকাদারদের কাজ দেওয়া হচ্ছে। তারপরও নিজ নিজ এলাকার কাজের মান স্থানীয়দেরই বুঝে নিতে হবে। কাজে কোনো ধরনের গাফিলতি দেখলে প্রতিবাদ করুন এবং সংশ্লিষ্ট দপ্তরকে জানান। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী আরও জানান, এবার সড়ক নির্মাণের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে বৃষ্টির পানি জমে রাস্তা নষ্ট না হয় এবং মানুষের চলাচলে কোনো ভোগান্তি না ঘটে।

প্রতিনিধি/একেবি