জেলা প্রতিনিধি
১৬ মে ২০২৬, ০৬:৩৬ পিএম
নওগাঁর মহাদেবপুরে এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল।
শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে নেতাকর্মীদের নিয়ে উপজেলার চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকার কৃষক আলম হোসেনের দেড় বিঘা জমির পাকা ধান কেটে দেন তিনি। পরে নেতাকর্মীদের সহায়তায় সেই ধান কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
কৃষক আলম হোসেন বলেন, ‘গত ৮-১০ দিন ধরে শ্রমিক না পাওয়ায় জমি থেকে ধান কাটতে পারছিলাম না। ধান নষ্ট হওয়ার আশঙ্কায় বেশ চিন্তায় ছিলাম। হঠাৎ এমপি সাহেব নেতাকর্মীদের নিয়ে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
সংসদ সদস্য ফজলে হুদা বলেন, ‘মহাদেবপুর ও বদলগাছী দুই উপজেলায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি চলছে। বিশেষ করে বিধবা, এতিম ও অসচ্ছল কৃষক যারা শ্রমিক সংকটে ভুগছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব কৃষক আর্থিক সমস্যা বা শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছেন না, তাদের ধান কেটে ঘরে তুলে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাজ করবে। কৃষকরা দেশের অর্থনীতির প্রাণশক্তি, তাই তাদের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘কৃষক যাতে উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পায়, সে জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে কৃষকরা সরাসরি লাভবান হবেন।’
এদিকে সংসদ সদস্য নিজেই জমিতে কাস্তে হাতে ধান কাটতে নামলে স্থানীয় উৎসুক মানুষ ভিড় করেন। উপস্থিত অনেকেই এই দৃশ্য মোবাইলফোনে ধারণ করেন। সংসদ সদস্যের সরাসরি মাঠে নেমে ধান কাটার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল বলেন, ‘সাধারণত নেতাদের আমরা শুধু মঞ্চেই দেখি। কিন্তু আজ একজন এমপিকে মাঠে নেমে কৃষকের সঙ্গে ধান কাটতে দেখে সত্যিই ভালো লাগছে। এমন দৃশ্য আগে দেখিনি।’
বিশু নামের আরেক বাসিন্দা বলেন, ‘কৃষকের কষ্ট বুঝে পাশে দাঁড়ানোটা অনেক বড় বিষয়। শুধু বক্তব্য না দিয়ে মাঠে নেমে কাজ করলে তা মানুষের মনে থাকে। এতে কৃষকরাও মানসিকভাবে সাহস পাবেন।’
প্রতিনিধি/একেবি