জেলা প্রতিনিধি
১৬ মে ২০২৬, ০৫:৪৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলা মামলার আসামি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও তার আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকার শাহবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রাতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া থেকে ১৫০ গ্রাম হেরোইন ও দুই কেজি গানপাউডার জব্দ করা হয়।
শনিবার (১৬ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতার রাব্বি চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ার মৃত শহিদের ছেলে। এছাড়াও তার দুই সহযোগী হলেন ফকিরপাড়ার মনিরুল ইসলাম মনিরের ছেলে মো. সোহেল ওরফে জিনজিরা সোহেল ও প্রফেসরপাড়ার সুমনের ছেলে মো. সুনিত ওরফে আলিফ।
ওয়াসিম ফিরোজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঢাকার শাহবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় মৎসভবন মোড় থেকে রাব্বিসহ সোহেল ও সুনিতকে গ্রেফতার করে। পরে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ আনার সময় গাড়িতেই তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের নীলকুঠির মাঠ সংলগ্ন একটি ইটাভাটা থেকে ২ কেজি বিস্ফোক ও ১৫০ হেরোইন সদৃশ বস্তু জব্দ করা হয়।
এর আগে, গত ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ওই রাতেই সদর মডেল থানায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বি ও সোহেলের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। রাব্বির বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/এসএস