জেলা প্রতিনিধি
১৬ মে ২০২৬, ০৫:৩২ পিএম
পারিবারিক কলহের জেরে নাটোরে মান্নান সরকার (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছী উত্তরপাড়ায় ঘটনা ঘটে।
আটক নারীর নাম রতেজান (৫০)।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয় মান্নান সরকারের। পরে তিনি নিজ জমিতে কাজ করতে যান। দুপুরে কাজ শেষে বাড়িতে ফিরে বিশ্রাম নেওয়ার সময় স্ত্রী হাসুয়া দিয়ে তার গলায় আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা বাড়িতে এসে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। এ ঘটনায় নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস