images

সারাদেশ

পিরোজপুরে যুবলীগ নেতা গ্রেফতার, অভিযানে পুলিশ সদস্য আহত

জেলা প্রতিনিধি

১৬ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন হোসেন হাওলাদারকে (৩৮) গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ। গ্রেফতার অভিযানের সময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) ভোরে উপজেলার সেউতিবাড়িয়া এলাকায় নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আমিন হোসেন হাওলাদার উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেউতিবাড়িয়া গ্রামের মো. জুলহাস হাওলাদারের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি উপজেলা ও কলেজ ছাত্রলীগের বিভিন্ন পদেও দায়িত্বে ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যুবলীগ নেতা আল আমিনকে গ্রেফতার করার সময় ওই নেতা আল আমিনসহ অভিযানে থাকা ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোহব্বত খান জানান, আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল এবং তিনি একাধিক মামলার আসামি। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস