images

সারাদেশ

সরকারি চাল জব্দের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এমপি বাবরের

জেলা প্রতিনিধি

১৬ মে ২০২৬, ০৩:০৯ পিএম

নেত্রকোনার মদনে ৬৬৭ বস্তায় প্রায় ২০ মেট্রিক টন সরকারি চাল জব্দের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

গতকাল শুক্রবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বলেন লুৎফুজ্জামান বাবর।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক বা আত্মীয় পরিচয় হয় না। অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় এনে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না পায়।

শনিবার (১৬ মে) এমপি বাবরের এপিএস মাহমুদুল হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

নেত্রকোনায় অভিযুক্তরাই মামলার বাদী-সাক্ষী, ফাঁসানো হলো চালক-হেলপারকে

এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মদন উপজেলার নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ট্রাকভর্তি ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করে প্রশাসন। জব্দ করা চালের পরিমাণ প্রায় ২০ মেট্রিক টন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।

পরদিন শুক্রবার সকালে এ ঘটনায় মদন থানায় মামলা দায়ের করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দুলাল মিয়া বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ট্রাক চালক শামীম মিয়া, হেলপার শাহীন মিয়া ও স্থানীয় ব্যবসায়ী এনামুল হক আনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে ঘটনার তদন্তে খাদ্য অধিদফতর থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রতিনিধি/এসএস