images

সারাদেশ

সরাইলে মাইক্রোবাসের হর্ন বাজানো নিয়ে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি

১৫ মে ২০২৬, ১১:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাইক্রোবাসের হর্ন বাজানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাঠানপাড়া এলাকায় দুইপক্ষের লোকজন টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঠানপাড়া এলাকায় এক মাইক্রোবাস চালক রাস্তা থেকে সরে দাঁড়ানোর জন্য এক পথচারীকে লক্ষ্য করে হর্ন বাজান। এ নিয়ে ওই পথচারী মাইক্রোবাস চালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এ নিয়ে দুই পক্ষের লোকজন টর্চ জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। পরে খবর পেয়ে সরাইল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

image

তবে মাইক্রোবাসচালক ও পথচারীর নাম জানাতে পারেনি পুলিশ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, দুইজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা নিয়ে দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এমএইচআর