images

সারাদেশ

গোপনে বিয়ে করায় সহপাঠীদের বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি

১৫ মে ২০২৬, ০৯:৪৬ পিএম

‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজবাড়ীর গোয়ালন্দ। নিজের বিয়েতে বন্ধুদের দাওয়াত না দেওয়ায় এক বরের বিরুদ্ধে প্রতীকী বিক্ষোভ মিছিল ও অভিনব প্রতিবাদ সমাবেশ করেছে তার সহপাঠীরা।

​শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুরা এই ব্যতিক্রমী বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।

​মিছিল শেষে সড়কের পাশে ব্যানার ও ফেস্টুন হাতে দাঁড়িয়ে অবস্থান নেন বিক্ষুব্ধ বন্ধুরা। এ সময় তারা ‘ভেঙে দাও গুঁড়িয়ে দাও, শাকিলের বাসর ঘর’, ‘মানি না, মানব না, শাকিলের গোপন বিয়ে’সহ নানা রসাত্মক ও ক্ষোভের স্লোগান দিতে থাকেন। বন্ধুদের এমন কাণ্ড দেখে মহাসড়কে চলাচলকারী পথচারী ও স্থানীয়দের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি হয়।

​জানা গেছে, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মণ্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ বৃহস্পতিবার (১৪ মে) পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু এই আনন্দের খবরটি তিনি তার দীর্ঘদিনের বন্ধুদের কাছ থেকে গোপন রাখেন এবং বিয়েতে কাউকে দাওয়াত দেননি।

3bb4f0dd-4a36-4f34-945c-6d5c9f8d81db

​প্রতিবাদে অংশ নেওয়া বর শাকিল শেখের বন্ধু আশিক বলেন, শাকিল দীর্ঘদিন ধরে আমাদের আশ্বাস দিয়ে আসছিল যে সে ধুমধাম করে বিয়ে করবে এবং বন্ধুদের বড় করে দাওয়াত দেবে। কিন্তু হঠাৎ শুনলাম সে কাউকে না জানিয়ে গোপন বিয়ে করে ফেলেছে। বিয়ের খবর গোপন রাখায় আমরা মনে খুব কষ্ট পেয়েছি। তাই সব বন্ধুরা এক হয়ে এই অভিনব প্রতিবাদ জানিয়েছি।

​ব্যতিক্রমী এই বিক্ষোভ মিছিলের প্রধান আয়োজক আয়নাল আহসান বলেন, গোয়ালন্দ উপজেলার এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুদের মধ্যে অত্যন্ত নিবিড় ও আত্মার সখ্যতা রয়েছে। সুখে-দুঃখে আমরা সবসময় একে অপরের পাশে থাকি। আমাদের বন্ধু শাকিল হঠাৎ করে বিয়ে করে ফেলল, অথচ আমাদের কাউকেই জানাল না। এই আক্ষেপ ও অভিমান থেকেই আমরা বন্ধুরা মিলে এই আয়োজন করেছি।

​তবে অভিনব এই প্রতিবাদের মাঝেও বন্ধুদের ভালোবাসার কমতি ছিল না। দাওয়াত না পাওয়ায় অভিমান করে বিক্ষোভ করলেও, মিছিল শেষে উপস্থিত সব বন্ধুরা নবদম্পতির সুন্দর ও সুখী দাম্পত্য জীবন কামনা করে দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

তবে এ বিষয়ে বর শাকিল শেখের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রতিনিধি/এসএস