images

সারাদেশ

পলিব্যাগ খুলতেই মিলল মানুষের হাত-পা

জেলা প্রতিনিধি

১৫ মে ২০২৬, ০৯:২০ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর পাড় থেকে পলিব্যাগে বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত হাত-পা উদ্ধার করেছে পুলিশ। বীভৎস এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর ৩টার দিকে নড়িয়া থানার কেদারপুর ইউনিয়নের ওয়াপদা সংলগ্ন পদ্মা নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোয়ারের পানিতে ভেসে আসা একটি ব্লকের সঙ্গে সাদা রঙের একটি পলিব্যাগ বাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ব্যাগটি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। পরে নড়িয়া থানা পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পলিব্যাগটি খুলে অজ্ঞাত ব্যক্তির দুটি হাত ও দুটি পা উদ্ধার করে।

উদ্ধার হওয়া অঙ্গগুলোর মধ্যে দুটি হাত কনুই পর্যন্ত এবং দুটি পা হাঁটু পর্যন্ত ছিল। সেগুলো অর্ধগলিত অবস্থায় থাকায় ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ধারণা করছেন, হত্যার পর পরিচয় গোপন করতেই মরদেহ খণ্ডিত করে নদীতে ফেলে দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে রাজি হয়নি পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি পলিব্যাগের ভেতর অজ্ঞাত ব্যক্তির দুটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়েছে। অঙ্গগুলো অর্ধগলিত অবস্থায় ছিল। পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরিদপুর টিমকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস