images

সারাদেশ

নোয়াখালী জেলা কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি

১৫ মে ২০২৬, ০৮:১২ পিএম

নোয়াখালী জেলা কারাগারে মো. হুমায়ুন কবির ওরফে মাঈন উদ্দিন (৩৫) নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শুক্রবার (১৫ মে) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত হুমায়ুন কবির নোয়াখালীর চাটখিল উপজেলার বগাদিয়া গ্রামের মৃত সোলাইমানের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল একটি চুরির মামলায় চাটখিল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন হুমায়ুন কবির। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কারা কর্তৃপক্ষের দাবি, কারাগারে আসার সময়ই তার শরীরে আঘাতের কিছু চিহ্ন ছিল।

নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার মো. আবদুল বারেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাজতি হুমায়ুন কবির আজ দুপুরে জুমার নামাজের আগে বুকে ব্যথা অনুভব করলে কারা হাসপাতালে তার ইসিজি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কারা কর্তৃপক্ষ আরও জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/একেবি