images

সারাদেশ

নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে ডুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি

১৫ মে ২০২৬, ০২:৫১ পিএম

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট),  নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল নিয়োগ পাওয়ার প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) রাতে  শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ও ঢাকা শিমুলতলী আঞ্চলিক সড়ক কিছুক্ষণ অবরোধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীরা ডুয়েটের ভিসি ডুয়েট থেকেই চাই” সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন ছিল।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের উপাচার্য ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। তাদের মতে, ডুয়েটের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, অ্যাকাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে ডুয়েট শিক্ষক সমিতিও এক জরুরি সভায় অভ্যন্তরীণ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছিল।

প্রতিনিধি/ এজে