জেলা প্রতিনিধি
১৫ মে ২০২৬, ০২:১০ পিএম
বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে পৌর এলাকার বাসাবাটি (বাইনেবাড়ি) এলাকায় পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আম্মার শেখ (১৯) বাগেরহাট বাসস্ট্যান্ডের পেছনের বাসাবাটি এলাকার শেখ তাসলিম মাহমুদের ছেলে।
অভিযুক্ত আলী আব্দুল্লাহ (২৩) বাগেরহাটের সাহাপাড়া এলাকার তারেক হাওলাদারের ছেলে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অভিযুক্ত আব্দুল্লাহ বৃহস্পতিবার তার ফুফুর বাসায় (আম্মার) বেড়াতে আসেন। রাতে খাওয়ার পরে মামাতো-ফুফাতো ভাই বাড়ির দোতলায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দোতলা থেকে চিৎকার শুনে স্বজনরা উপরে যায়। সেখানে আম্মারকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটক করে। পরে খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/এজে