জেলা প্রতিনিধি
১৫ মে ২০২৬, ১২:৪৫ পিএম
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের গুলিতে হাসান আহমেদ ওরফে ‘কালা হাসান’ (৪৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একসময়ের কুখ্যাত ডাকাত দল ‘জকির গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে নয়াপাড়া ক্যাম্পের এইচ-ব্লকে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হাসান ওই ক্যাম্পের এইচ-ব্লকের সুলতান আহমেদের ছেলে।
এপিবিএন সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে রোহিঙ্গা সন্ত্রাসী সাদ্দাম ও তার সহযোগীরা ক্যাম্পে প্রবেশ করে হাসান আহমেদকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর সন্ত্রাসীরা ক্যাম্পের পশ্চিমের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে এবং পরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এপিবিএন অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, ক্যাম্পের আধিপত্য ও মসজিদ কমিটির নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা বলে মুচনী রেজিস্টার্ড ক্যাম্প কমিটির এক সদস্য রাতে হাসানকে ডেকে নেন। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন ৬ থেকে ৭ জন সশস্ত্র সদস্য তার ওপর হামলা চালায়।
খবর পেয়ে নয়াপাড়া এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে টেকনাফ মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানিয়েছে, নিহত হাসানের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতির প্রস্তুতি এবং দুটি অপহরণ মামলা রয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/একেবি