জেলা প্রতিনিধি
১৫ মে ২০২৬, ১২:০০ পিএম
‘মাদকমুক্ত সমাজ গড়ি, খেলাধুলায় মন ভরি’ এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাড়ে ৭ কিলোমিটার ‘রান সিরাজগঞ্জ’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল ৬টায় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজার-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাটি শহরের বাজার স্টেশন এলাকা থেকে শুরু হয়।
এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। রানাররা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে গিয়ে দৌড় শেষ করেন।
এবারের ম্যারাথনে সিরাজগঞ্জসহ সারা দেশের প্রায় এক হাজারেরও বেশি রানার অংশগ্রহণ করেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় নির্ধারিত সাড়ে ৭ কিলোমিটার পথ মাত্র ১৬ মিনিট ৪ সেকেন্ডে পাড়ি দিয়ে প্রথম স্থান অধিকার করেন সিলেটের অ্যাথলেট আশরাফুল। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন খুলনার পারভেজ এবং তৃতীয় স্থান অধিকার করেন দিনাজপুরের হামিদ। দৌড় শেষে হার্ড পয়েন্ট এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে স্বাস্থ্য সচেতন করতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, সিরাজগঞ্জে সুস্থ ধারার ক্রীড়া সংস্কৃতি চর্চা ও অ্যাথলেটিক্সকে জনপ্রিয় করার লক্ষ্যেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।
প্রতিনিধি/এজে