images

সারাদেশ

কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই নিহত

জেলা প্রতিনিধি

১৫ মে ২০২৬, ১০:৪৭ এএম

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় স্ত্রীর ঘুমের ব্যাঘাতকে কেন্দ্র করে শুরু হওয়া পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের আঘাতে নিহত হয়েছেন ফয়সাল নামের এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোর্শেদকে (৪০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। অভিযুক্ত মোর্শেদ তার আপন বড় ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদের স্ত্রী স্থানীয় একটি কারখানায় নাইট শিফটে কাজ করেন। বুধবার রাতের ডিউটি শেষে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এ সময় বাড়ির পাশের শিশুদের চিৎকার-চেঁচামেচিতে তার ঘুম ভেঙে গেলে ক্ষুব্ধ হয়ে শিশুদের বকাঝকা করেন মোর্শেদ।

এ নিয়ে ছোট ভাই ফয়সাল আপত্তি জানালে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দুপুরে বাড়িতে ফেরার পর ফের তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে মোর্শেদ ঘর থেকে দা এনে ফয়সালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়রা দ্রুত ফয়সালকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে ঘটনার দিন বিকেলে সুয়াগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোর্শেদকে আটক করা হয়।

এ বিষয়ে পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, সামান্য বিষয় নিয়ে এমন নৃশংস ঘটনা সত্যিই মর্মান্তিক। আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে