জেলা প্রতিনিধি
১৫ মে ২০২৬, ০৭:৫৫ এএম
নেত্রকোনার মদনে পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১০টার দিকে মদন উপজেলার নেত্রকোনা -মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চাল ভর্তি ট্রাকটি জব্দ করে প্রশাসন। এসময় চালক ও হেলপারকে আটক করা হয়।
এ সময় ট্রাক চালক শামীম মিয়া (২৮) ও তারই সহকারী শাহিন মিয়াকে (২৫) আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তা (২০ টন) সরকারি চাল ভর্তি একটি ট্রাক বের হয়। ট্রাকে সরকারি সিলমোহর যুক্ত ৬৬৭ টি বস্তা চাল জেলার বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নিয়ে যাওয়ার জন্য রওনা হয় চালক। স্থানীয় লোকজন পাচারের বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে চালগুলো আটক করে। এ সময় চালক শামীম ৬৬৭ বস্তা চালের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য না দিতে পারায়, চাল ভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
জানতে চাইলে মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, আমি এলাকায় নাই। চাল জব্দের বিষয়ে কিছু জানি না।
মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রি জানান, খবর পেয়ে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করার করার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, জব্দ হওয়া চাল ভর্তি ট্রাকসহ চালক ও হেলপার থানায় আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে