images

সারাদেশ

বরফ ভর্তি বোতলের আঘাতে অজ্ঞান স্কুলছাত্র, অভিযুক্ত গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৪ মে ২০২৬, ০৯:১০ পিএম

নেত্রকোনার খালিয়াজুরীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মাথায় বরফ ভর্তি বোতল দিয়ে আঘাত করার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের একটি রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, বুধবার দুপুরে আহত শিক্ষার্থী মুগ্ধ তালুকদারের (১১) মামা মারুফ খান বাদী হয়ে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করেন।

মুগ্ধ মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের হানিফ তালুকদারের ছেলে। বাবা-মা ঢাকায় কর্মরত থাকায় সে বরান্তর গ্রামে নানার বাড়িতে থেকে রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বেলা ১২টার দিকে বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে দুষ্টুমি করার সময় শিক্ষক কাউসার আহমেদ তাকে মারধর করেন। একপর্যায়ে বরফ জমা পানির বোতল দিয়ে তার মাথায় একাধিকবার সজোরে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে সে তাৎক্ষণিকভাবে জ্ঞান হারিয়ে ফেলে। এসময় শিক্ষক ও সহপাঠীরা মাথায় পানি ঢেলে তার জ্ঞান ফেরায়। পরে বাড়িতে ফিরলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। রাতে একাধিকবার জ্ঞান হারানো, বমি এবং কান দিয়ে রক্ত বের হওয়ার ঘটনাও ঘটে।

পরে গুরুতর অবস্থায় তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিটি স্ক্যানসহ উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরদিন  মুগ্ধকে ময়মনসিংহের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করে সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করানো হয়। এখনো সে ওই হাসাপাতালেই ভর্তি রয়েছে। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ মারধরের কথা স্বীকার করলেও গুরুতর আঘাতের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থী অতিরিক্ত দুষ্টুমি করায় তাকে সামান্য শাসন করা হয়েছিল। খারাপ উদ্দেশ্যে আঘাত করা হয়নি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা জানান, বৃহস্পতিবার শিক্ষক কাউসার আহমেদ বিদ্যালয়ে আসেননি। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর তিনি মৌখিকভাবে ছুটি নিয়েছিলেন।

খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আজিমেল কদর বলেন, তদন্তে শিক্ষক কাউসার আহমেদের বিরুদ্ধে শিক্ষার্থী মুগ্ধর মাথায় আঘাত করার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/এজে