images

সারাদেশ

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি

১৪ মে ২০২৬, ০৮:১৭ পিএম

চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের (৮৩) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে মিরসরাইয়ের ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় অংশ নিতে সর্বস্তরের মানুষের ঢল নামে।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ মিরসরাইয়ে নেওয়া হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

জানাজায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেজ ছেলে, সাবেক সংসদ সদস্য মাহবুব রহমান রুহেল বলেন, আজ মিরসরাইবাসীর জন্য অনেক কষ্টের দিন। দীর্ঘদিন আইসিইউতে থাকার পর আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার বাবা, মিরসরাইয়ের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি চট্টগ্রাম ও মিরসরাইয়ের উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

minister

উল্লেখ্য, দীর্ঘদিন শ্বাসতন্ত্রের জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার সকাল সোয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওইদিন বিকেল ৫টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মোশাররফ হোসেন। কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবর মাসে তিনি গ্রেফতার হন। ২০২৫ সালের আগস্টে অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরে জামিনে মুক্ত হন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে তিনি ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

এআর