images

সারাদেশ

কসবায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৪ মে ২০২৬, ০৫:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সহপাঠীদের সঙ্গে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. ফাহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ফাহাদ মিয়া উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামের দক্ষিণপাড়া এলাকার ফারুকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। খেলার একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৈরী আবহাওয়া শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে সে। সহপাঠীদের চিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফাহাদকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। স্থানীয়রা বজ্রপাতের সময় খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে অবস্থান না করার জন্য সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

প্রতিনিধি/ এজে