জেলা প্রতিনিধি
১৪ মে ২০২৬, ১০:৫৯ এএম
মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শুক্লা সেন (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা তার কক্ষে ওই তরুণীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
শুক্লা মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের রিসিপসনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
শুক্লা সেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের অঞ্জন সেন ও লক্ষী রানী সিনহা দম্পতির বড় মেয়ে। চাকুরির সুবাদে তিনি শহরের মুসলিম কোয়ার্টার এলাকার ওই বাসার একাই বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে কক্ষের দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। ডাকাডাকি করেও তার সাড়া পাওয়া যায়নি। পরে ভেতরে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে জানান।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
প্রতিনিধি/টিবি