জেলা প্রতিনিধি
১৪ মে ২০২৬, ০৬:৪১ এএম
ব্রাহ্মণবাড়িয়া একটি ব্যাটারির ভাঙ্গারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (১৩ মে) গভীর রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের কাছে বিরাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শহরতলীর বিরাসার এলাকার ছোট্ট মিয়ার ব্যাটারি ভাঙ্গারির গুদামে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। দোকানে থাকা পুরাতন ব্যাটারি ও প্লাস্টিক সামগ্রীর কারণে আগুনের তীব্রতা বৃদ্ধি পায় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় পুরো এলাকায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। অগ্নিকাণ্ডের সময় প্রতিষ্ঠানটির মালিক ছোট্ট মিয়া কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি দাবি করেন, এই অগ্নিকাণ্ডের কারণে তার অন্তত ২ কোটি টাকার পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং পরে সরাইল থেকে আরও দুটি ইউনিটসহ মোট তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে প্রতিষ্ঠানটিতে দাহ্য পদার্থ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এএইচ