জেলা প্রতিনিধি
১৪ মে ২০২৬, ০১:৪৪ এএম
চট্টগ্রামগামী একটি চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে অল্পে রক্ষা পান যাত্রীরা।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা ও ট্রেনের যাত্রীরা জানান, চলন্ত অবস্থায় ট্রেনের একটি বগি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
এসময় অনেক যাত্রী দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ট্রেনটি আবার যাত্রা শুরু করে বলে জানা গেছে।
এএইচ