images

সারাদেশ

দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে কাজ চলছে: ডেপুটি স্পিকার

জেলা প্রতিনিধি

১৩ মে ২০২৬, ০৯:৫৭ পিএম

নেত্রকোনার জারিয়া ঝাঞ্জাইল রেলস্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। 

বুধবার (১৩ মে) বিকেলে রেললাইন সম্প্রসারণের সম্ভাব্যতা সরেজমিন পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, এই রেললাইন সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে সীমান্তবর্তী ও দুর্গম এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। এতে দুর্গাপুর অঞ্চলের পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও কৃষি অর্থনীতিতে নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি আরও উল্লেখ করেন, জারিয়া ঝাঞ্জাইল স্টেশনটি ১০৮ বছরের পুরোনো হলেও দীর্ঘদিন এর উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। বর্তমানে রেল প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় সেই স্থবিরতা কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানান, জারিয়া স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) ও ভূমি অধিগ্রহণের কাজ চলছে। তিনি এই অঞ্চলের উন্নয়নে ডেপুটি স্পিকারের ভূমিকার প্রশংসা করেন।

মতবিনিময় সভায় নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মুস্তাফা, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা বক্তব্য দেন। বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় এলে এই অঞ্চলের জীবনযাত্রার মান বহুগুণ উন্নত হবে।

 প্রতিনিধি/একেবি