images

সারাদেশ

বারহাট্টায় ধর্মীয় অবমাননার অভিযোগ, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি

১৩ মে ২০২৬, ০৯:১৬ পিএম

নেত্রকোনার বারহাট্টায় ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগে অয়ন কান্তি রায় (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

বুধবার (১৩ মে) ওই যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা ও স্থানীয় আলেম-ওলামারা।

অভিযুক্ত অয়ন কান্তি রায় উপজেলার পাঁচরুহি শেখের পাড়া গ্রামের মিলন কান্তি রায়ের ছেলে। তিনি গাজীপুরের একটি কারখানায় কর্মরত বলে জানা গেছে। বিক্ষোভকারীরা বিকেলে বারহাট্টা থানার সামনে জড়ো হয়ে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। উত্তেজনা ছড়িয়ে পড়লে অয়ন এক ভিডিও বার্তায় দাবি করেন, তিনি না বুঝে অন্য একজনের পোস্ট কপি করেছিলেন এবং এ জন্য ক্ষমা প্রার্থনা করেন।

উপজেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন বাক্কী বলেন, অবমাননাকর মন্তব্য ও কুরুচিপূর্ণ ছবি যুক্ত করায় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা চাই না, তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছি। 

বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল জানান, বিষয়টি নিয়ে তারা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, বিষয়টি পুলিশের নজরে আসার পর থেকেই এলাকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্যের কারণে সৃষ্ট বিশৃঙ্খলা এড়াতে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারে অভিযান চলছে। প্রশাসন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক রয়েছে।

প্রতিনিধি/একেবি