images

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মাটি কাটায় ২ ট্রাক্টর জব্দ, আটক ১

জেলা প্রতিনিধি

১৩ মে ২০২৬, ০৮:৫২ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে আটক ও মাটি ভর্তি দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ শহর এলাকায় সদর মডেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

আটককৃত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৩৭)। তিনি উপজেলার আতাহার এলাকার রবু মন্ডলের ছেলে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় রাতের আঁধারে কৃষি জমির মাটি কাটা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে দু’টি ট্রাক্টরসহ মূলহোতা আশরাফুলকে আটক করা হয়।

পরবর্তীতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিনিধি/একেবি