জেলা প্রতিনিধি
১৩ মে ২০২৬, ০৮:৩৮ পিএম
শরীয়তপুরের জাজিরায় দলীয় পতাকা হাতে কৃষকের পাকা ধান কেটে আলোচনার জন্ম দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর জড়িতদের শনাক্তে তৎপরতা শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ জন তরুণ একটি ধানখেতে গিয়ে ধান কাটায় অংশ নেন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকার পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের পতাকা দেখা যায়। ভাইরাল ভিডিওতে তাদের নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়। পরে কাটা ধান তারা একটি নছিমন গাড়িতে তুলে দেন।
ভিডিওর একপর্যায়ে স্থানীয় এক কৃষককে তাদের ধন্যবাদ জানাতে শোনা গেলেও ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বর্তমানে দলটির অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন। তবে এর মধ্যেও ঝটিকা মিছিল ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মাধ্যমে তারা নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, ধান কাটার একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন ও ভিডিওতে থাকা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রতিনিধি/একেবি