images

সারাদেশ

ইউনিফর্ম পরে টিকটক নিষিদ্ধ ধামরাই সরকারি কলেজে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৩ মে ২০২৬, ০৮:০০ পিএম

ঢাকার ধামরাই সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক ও রিলসসহ বিতর্কিত ভিডিও ধারণের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ প্রশাসন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও গুজব ছড়ানো থেকেও শিক্ষার্থীদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ মে) অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি শিক্ষার্থীদের কিছু শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ্য করা গেছে, যা কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ইউনিফর্ম পরা অবস্থায় বা কলেজ ক্যাম্পাসে কোনো ধরনের অশালীন ছবি ও ভিডিও তৈরি বা প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া শিক্ষক, সহপাঠী বা অন্য কারো বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও সাইবার বুলিং করা যাবে না। কলেজের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য বা উসকানিমূলক পোস্ট শেয়ার করাও শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের গুরুত্ব বিবেচনায় প্রয়োজনে স্থায়ী বহিষ্কার ও আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে কলেজ প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী জানান, প্রতিষ্ঠানে মোবাইল ফোন আনা আগে থেকেই নিষিদ্ধ। তবুও কিছু শিক্ষার্থী গোপনে ফোন এনে টিকটক ও রিলস তৈরি করছে। শিক্ষার পরিবেশ বজায় রাখতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।

প্রতিনিধি/একেবি