images

সারাদেশ

৩৪ দিনের শিশুকে নিয়মিত টিকার বদলে দেওয়া হলো জলাতঙ্ক ভ্যাকসিন

জেলা প্রতিনিধি

১৩ মে ২০২৬, ০৪:৫২ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে ৩৪ দিন বয়সী এক শিশুকে নিয়মিত টিকার পরিবর্তে ভুলবশত জলাতঙ্কের (র‍্যাবিক্স) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। 

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কেন্দ্রে এ ঘটনা ঘটে। বর্তমানে শিশুটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছে তার পরিবার।

ভুক্তভোগী শিশু ফাতিহার পরিবার জানায়, নিয়মিত টিকা দেওয়ার জন্য শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। নিয়ম অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলামের টিকা দেওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফর রহমানের নির্দেশে পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে এনে টিকা প্রয়োগ করা হয়। তিনি ভুল করে শিশুটিকে দুই ডোজ জলাতঙ্কের টিকা দেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে সংশ্লিষ্টরা পরিবারের সাথে অসদাচরণ করেন বলেও অভিযোগ উঠেছে।

অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তবে নিয়মিত দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম ঘটনা জানাজানি হওয়ার পর হাসপাতাল ত্যাগ করেন। এ ঘটনায় শিশুটির পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে এ ঘটনাটি ঘটেছে। আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। তবে এই ভ্যাকসিনে শিশুটির শারীরিক বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা পরিবারটিকে আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে বলেছি।’

প্রতিনিধি/একেবি