জেলা প্রতিনিধি
১৩ মে ২০২৬, ০৪:১৭ পিএম
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের জন্য থাকবে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস।
এছাড়া এ বছর দেশের অন্যতম বৃহৎ এ ঈদ জামাতের ১৯৯তম আসরে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যসচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, শোলাকিয়ার ঈদুল আজহার জামাত দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। প্রতি বছরের মতো এবারও মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত, ওজু, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। শোলাকিয়ার ঐতিহ্য ও মর্যাদা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠের উন্নয়ন, মুসল্লিদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ আলোচনা হয়।
জামাতে শরিক হতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে দুই প্লাটুন বিজিবির পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এএইচ