জেলা প্রতিনিধি
১৩ মে ২০২৬, ০১:৪৩ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সালাম (৩০) নামের এক চালক মারা গেছেন।
মঙ্গলবার (১২ মে) রাত ১১টার দিকে উপজেলার দেবনগর ইউনিয়নের ঝাড়বাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
আব্দুস সালাম ওই গ্রামের মো. শমসের আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুস সালাম পেশায় একজন অটোরিকশার চালক ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে বাড়িতে ফেরেন তিনি। রাত ১১টার দিকে নিজ বাড়িতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দ্রুত পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে স্বজনরা রাতেই তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে ৭ নম্বর দেবনগড় চেয়ারম্যান সোলেমান জানান, সালামের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার (১৩ মে) দুপুরে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।
প্রতিনিধি/টিবি