images

সারাদেশ

লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক যুবক নিহত

জেলা প্রতিনিধি

১৩ মে ২০২৬, ০১:৩৩ এএম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে লেবাননে ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক বাসিন্দা নিহত হয়েছেন। তার নাম শুভ কুমার দাস (২৮)। কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামে বাড়ি তার। এর মধ্য দিয়ে লেবাননে চলমান সংঘাতে প্রাণ হারানো সাতক্ষীরাবাসীর সংখ্যা দাঁড়াল তিনজনে।

সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে চলাচলের সময় ড্রোন হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান শুভ কুমার দাস। মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও সরকারি পর্যায়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

নিহত শুভ কুমারের বাবার নাম সুরঞ্জন দাস। প্রায় তিন বছর ধরে তিনি লেবাননে অবস্থান করছিলেন। সেখানে একটি বাড়ি ও সংলগ্ন ফলের বাগান দেখাশোনার কাজ করতেন। তার উপার্জনের ওপরই নির্ভরশীল ছিল পুরো পরিবার।
মঙ্গলবার দুপুরে শুভর মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশীরা জানান, পরিবারের স্বপ্ন পূরণের আশায় বিদেশে গিয়েছিলেন শুভ। নিয়মিত পরিবারের কাছে টাকা পাঠিয়ে সংসারের হাল ধরেছিলেন তিনি। কিন্তু জীবিকার সন্ধানে যাওয়া সেই তরুণের মরদেহ এখন ফিরবে দেশে।

একই দিনে লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)।

sathkira-2

বাংলাদেশ দূতাবাস, বৈরুত এক শোকবার্তায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। দূতাবাস জানায়, সোমবার দুপুরে নিজ আবাসস্থলে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তারা।

নিহত শফিকুল ইসলাম সদর উপজেলার আফসার আলী ও আজেয়া খাতুন দম্পতির ছেলে।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, ‘শুভ কুমার দাসের মৃত্যুর বিষয়টি এখনো সরকারিভাবে জানানো হয়নি। তবে খবর পাওয়ার পর পরিবারের কাছে লোক পাঠানো হয়েছে। আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবারের পাশে থাকা হবে।’

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বলেন, ‘জেলার তিনজন রেমিট্যান্স যোদ্ধা লেবাননে হামলায় নিহত হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। তাদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে।’

প্রতিনিধি/এমআর