images

সারাদেশ

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে কোপ, কব্জি বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি

১২ মে ২০২৬, ১১:৫৩ পিএম

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার ফুলসুতি ইউনিয়নের কাজীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ছলেমান বিশ্বাসকে (৫৫) প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয়রা জানান, কাজীকান্দা গ্রামের মৃত তোতা বিশ্বাসের দুই ছেলে ছলেমান বিশ্বাস (৫৫) ও আমির আলী বিশ্বাসের (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা হলেও বিরোধের অবসান হয়নি।

faridpur
ছোট ভাইয়ের দায়ের কোপে বিচ্ছিন্ন হওয়া ছলেমানের হাতের কব্জি। ছবি ঢাকা মেইল।

মঙ্গলবার দুপুরে বাড়ির সামনের সড়কে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই আমির আলী ক্ষিপ্ত হয়ে ধারালো দা নিয়ে বড় ভাই ছলেমান বিশ্বাসের ওপর হামলা চালায়। এ সময় তার বাম হাতের কব্জিতে এলোপাতাড়ি কোপ দিলে কব্জিটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত ছলেমানকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আমির আলী পালিয়ে যায়।

নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এমআর