উপজেলা প্রতিনিধি
১২ মে ২০২৬, ১১:২১ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবাহী বাসে যাত্রী সেজে ইয়াবা পাচারের সময় অলি উল্লাহ (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অলি উল্লাহ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম জানান, সোমবার গভীর রাতে বারইয়ারহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে যাত্রীবেশে থাকা অলি উল্লাহকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এমআর