images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি

১২ মে ২০২৬, ০৮:২৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দলীয় নেতাদের মুক্তির দাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (১২ মে) বিকেলে শহরে এ কর্মসূচি পালন করা হয়। 

বিকেল সাড়ে ৪টার দিকে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাখরাবাদ গ্যাস অফিস এলাকা পর্যন্ত গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমির চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে একইদিন সকালে জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল এলাকা থেকে সমাজসেবা অফিস পর্যন্ত ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন। 

প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি পালনের ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনাসহ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

প্রতিনিধি/ক.ম