images

সারাদেশ

সাতক্ষীরায় ২ আইসক্রিম কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১২ মে ২০২৬, ০৭:৩০ পিএম

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ভেজালবিরোধী অভিযানে দুটি আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটি সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে র‍্যাব-৬, সিপিসি-১ এর উদ্যোগে দেবহাটার উত্তর সখিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

র‍্যাব সূত্রে জানা গেছে, অভিযানের সময় উত্তর সখিপুর এলাকার শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া আইসক্রিম উৎপাদন এবং ক্ষতিকর রাসায়নিক মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ও ৪২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই সময়ে পাশের মদিনা আইসক্রিম ফ্যাক্টরি অভিযান চালানো হয়। সেখানে একই ধরনের অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল খালেককে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত উভয় কারখানা বন্ধের নির্দেশ দেয়। এ সময় র‍্যাব সদস্যরা বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে