জেলা প্রতিনিধি
১২ মে ২০২৬, ০৬:৩৯ পিএম
রংপুরের বদরগঞ্জের চাঞ্চল্যকর আরিফুল হত্যা মামলার অন্যতম আসামি, বহিষ্কৃত ছাত্রদল নেতা ও মার্ডার ফিরোজ গ্যাংয়ের সক্রিয় সদস্য গোপাল ব্যানার্জীকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার গোপাল ব্যানার্জি ছাত্রদল থেকে বহিষ্কারের একদিন পরেই গ্রেফতার হলেন।
মঙ্গলবার (১২ মে) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৩’র সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। এর আগে, মঙ্গলবার ভোর রাতে নওগাঁর সদর থানার নিশ্চিন্ত বোয়ালিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার গোপাল ব্যানার্জী বদরগঞ্জের বালুয়াভাটা গ্রামের নন্দ ব্যানার্জীর ছেলে। এছাড়াও গোপাল বদরগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সদস্যসচিব। তাকে সোমবার দল থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, কিশোর গ্যাংয়ের আধিপত্যকে কেন্দ্র করে গত ৫ মার্চ বিকেলে নিহত আরিফুল ইসলাম রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে বদরগঞ্জ পৌরসভার আম্বিয়ার মোড়ে পৌঁছালে তাকে থামিয়ে গালাগালি শুরু করে। এক পর্যায়ে মমিনুল গ্রুপের সদস্য মনে করে নিরীহ আরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে ‘মার্ডার ফিরোজ গ্যাং’ এর সদস্যরা। পরে নিহত আরিফুলের বাবা বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ছাত্রদলের সাবেক নেতা গোপাল ব্যানার্জী। তার নামে আরও তিনটি হত্যা মামলা রয়েছে। গোপাল ব্যানার্জী ‘মার্ডার ফিরোজ গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য।
র্যাব ১৩’র সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী জানান, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার পলাতক আসামি গোপাল ব্যানার্জীকে (২৫) গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আরিফুল হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস