জেলা প্রতিনিধি
১২ মে ২০২৬, ০৩:১৩ পিএম
গাইবান্ধা পুলিশের ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চে কর্মরত এএসআই তৌহিদুল ইসলামের বাসা থেকে ৪০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। আসন্ন ঈদে গরু কোরবানির জন্য এই টাকা বাসার ব্যাগে গচ্ছিত ছিল তার। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরের দিকে গাইবান্ধা সদর থানায় এই অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী তৌহিদুল ইসলাম।
তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মানকৈর গ্রামে। তিনি চাকরির সুবাদে গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়ার মরিয়ন চক্ষু হাসপাতালের পেছনে রফিকুল ইসলামের বাসার দ্বিতীয় তলা ভাড়া নিয়ে বসবাস করছেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তৌহিদুল ইসলাম সোমবার (১১ মে) দিবাগত রাতে ওই বাসায় পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালের দিকে ঘুম থেকে জেগে সোফার উপরে রাখা ব্যাগের চেইন খোলা ও কাগজপত্র এলোমেলোভাবে পড়ে থাকতে দেখতে পান। তখন খোঁজাখুঁজি করে দেখা যায় যে, ব্যাগে থাকা ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ একটি চোরের দল।
ভুক্তভোগী তৌহিদুল ইসলাম বলেন, আসন্ন ঈদ বোনাস পাওয়া ৪০ হাজার টাকা ওই ব্যাগের ভেতরে ছিল। এ টাকা দিয়ে ঈদে গরু কোরবানি দিতাম। এরই মধ্যে অজ্ঞাত চোরেরা বাসার জানালার গ্লাস সরিয়ে লোহার গ্রিলের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে ব্যাগ থেকে সব টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ডিএসবির এএসআই তৌহিদুল ইসলামের বাসা থেকে টাকা চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। কারা এ চুরির সঙ্গে কারা জড়িতে সেটি তালাশ করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস