images

সারাদেশ

প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়: ড. জিয়াউদ্দিন

জেলা প্রতিনিধি

১২ মে ২০২৬, ০২:২৫ পিএম

প্রতিবন্ধী শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

মঙ্গলবার (১২ মে) সকালে ঝালকাঠি শহরের সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, উপযুক্ত প্রশিক্ষণ ও সহায়তা পেলে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা নয়, বরং গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে। এজন্য তাদের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা জরুরি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সমাজের নেতিবাচক মনোভাব পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

সভায় জেলা প্রশাসক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ শিশু হাসপাতালের অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, ম্যানেজিং কমিটির সদস্য অ্যাড. রেজাউল হক আজিম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. লুৎফুন্নেচ্ছা।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা অংশ নেন। সভায় প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, অধিকার, সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিনিধি/এসএস