জেলা প্রতিনিধি
১২ মে ২০২৬, ১১:৪৪ এএম
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ বাবলু মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার বাবলু মিয়া ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাছুয়াখালী এলাকার মৃত আব্দুল ছোবাহান মুন্সির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাছুয়াখালী ৯ নম্বর ওয়ার্ডের বড় মল্লিক বাড়ি এলাকায় দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তার নিজ এলাকা থেকে গাঁজা বিক্রিকালে বাবলুকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা পুরাতন নীল রঙের চেক লুঙ্গি দিয়ে বাঁধা এবং নীল পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবলু নামে এক ব্যক্তিকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস